POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন

মো.ফয়সাল আহমদ | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ১২:২২ পূর্বাহ্ণ

শাহরাস্তিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও সচেতনতামূলক সভা করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেন সেখানে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে তিনি ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নির্মিত হাইজিন কর্নারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই, উপন্যাস ও কবিতা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কবিতা আবৃত্তি ও সংগীতচর্চার মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকাশে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল ও সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে তিনি বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল উপহার দেন।

পরিদর্শন ও সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

পরিদর্শন কার্যক্রমের শেষ পর্যায়ে জেলা প্রশাসক শাহরাস্তি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পৌর প্রশাসক মনিরা খাতুনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন