চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য ও রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আলম মিয়াজী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার রামপুর বাজারে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওড়পুর ও নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের ছেলে মোহাম্মদ তানভীর আলম তামীম বলেন, “আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ মিয়াজী ও মো. হানিফ ভুঁইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তাঁরা বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মামুনুর রশিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন,ব্যবসায়ী মো. কামাল উদ্দিন মিয়াজী,মো. শফিকুর রহমান, মো. নুরুল ইসলাম মল্লিকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।