POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ

মো: সবুজ গাজী | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ১২:১৭ পূর্বাহ্ণ

দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের স্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন। তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে রয়েছে। পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং দেশের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন