হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল সোমবার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ আরিফ মোঃ রুহুল্লা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগী হওয়া, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার অন্যতম লক্ষ্য। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের আগামী পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।