POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৮:০৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আরিফ হোসেনও তাঁর স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আরিফের নাকের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান বাড়ির উত্তর পাশে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. আরিফ হোসেন বাদী হয়ে নুর আলম (২৮), খোরশেদ আলম (৪০), মোরশেদ আলম (৩৩), তাজুল ইসলাম (২১) ও মোঃ বাবলু (৩১) এই ৫জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মামলার বাদী মো.আরিফ হোসেন বলেন, গত ১২ নভেম্বর রাত ৮টার দিকে আরাফাত নামে এক ব্যক্তি আব্দুর রহমানের বসতঘরের দরজার সামনে প্রস্রাব করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় আব্দুর রহমানের ছেলে প্রতিবাদ করলে আরাফাত তাঁর গলা চেপে ধরেন। বিষয়টি জানতে পেরে আরিফ উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিরোধটি মীমাংসা করে দেন।

ওই ঘটনার জের ধরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিত ভাবে লাঠি, রড, দা ও ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে আরিফের বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় আরিফ পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে খোরশেদ আলম লোহার রড দিয়ে আঘাত করলে তা আরিফের নাকে লাগে। এতে তাঁর নাক জখম হয় এবং নাকের হাড় ভেঙে যায়।

আরিফের চিৎকার শুনে সিফাত, মাসুদ, তামজিদ ও জুয়েল তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে বিবাদী নুর আলমের হাতে থাকা ধারালো দা দিয়ে সিফাতের ডান পায়ে কোপ দেয়। এতে তাঁর পা কেটে যায় এবং তিনটি সেলাই দিতে হয়। এ ছাড়া অন্যদেরও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন