POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের ডেঙ্গুতে মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ১২:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন তাঁর জেঠাতো ভাই শেখ আল মামুন।

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত। প্রায় তিন বছর আগে তাঁর বাবা মারা যান।

মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন