POPULAR BD NEWS
Popular BD News Logo

ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৮:৪৩ অপরাহ্ণ

চার বছরের প্রেমের সম্পর্ক। এরপর সৌদি আরবপ্রবাসী সিফাত জাহানের দেশে ফিরে বিয়ে। ভালোবাসার সেই সংসারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো নববধূ নিপা আক্তারের মরদেহ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে স্বামী সিফাত, তাঁর বাবা আবুল কালামসহ পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে নিপার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিপা আক্তার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ বেপারীর মেয়ে।

নিপার স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ঘরে ওড়না ঝুলন্ত অবস্থায় এবং অন্য একটি ঘরে নিপার মরদেহ দেখতে পায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন