POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৭:১৩ অপরাহ্ণ

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা গেছে। পুড়ে গেছে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়নি গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুকেও।

আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুও রক্ষা করতে পারেননি। মুহূর্তের মধ্যে সব হারিয়ে এখন পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন