চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদপুরের দেবপুর বাজার, কৈয়ারপুল ও ধেররা-বলাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচ.বি. সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা আরোপ করেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানকালে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।