POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ | সময়: ৮:৪৭ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় ১২জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দিনভর উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে পৌরসভার তালতলী থেকে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক ও উপজেলা যুবলীগের নেতা এবং সাবেক কাউন্সিলর আল আমিনকে আটক করে মতলব উত্তর থানা পুলিশ। একই দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থান থেকে দলটির আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা, যুবলীগ নেতা নহির উদ্দিন, কামরুল হাসান, রুবেল সরকার, আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন।

এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক প্রতিবাদ মিছিল বের করে জামায়াতে ইসলামী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মানস বড়ুয়া বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে ১২জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন