POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মোঃ ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানারর ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে আজ বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন