POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬ | সময়: ২:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার মরাদন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫-৬ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল মতলব উত্তর থানার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে ষাটনল এলাকায় সম্ভাব্য ডাকাতির স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন এবং ছেংগারচর পৌরসভায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য টার্গেট বিবেচনায় নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন পাশের ধানক্ষেতে আত্মগোপন করে। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজুকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ কুমিল্লার মহসিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কারাগারে থাকা অবস্থায় তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন