POPULAR BD NEWS
Popular BD News Logo

মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক নজরুল

হাবিবুর রহমান | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টোরা মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. জয়নাল মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সিরহাট বাজারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৭টি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে আনারস প্রতীকে মো. জয়নাল মজুমদার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে কলস প্রতীকে মো. আব্দুল মতিন সর্দার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে মো. নজরুল ইসলাম সোহেল ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে মো. আব্দুল মমিন ২০০ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আবু বক্কর সিদ্দিক টেবিল প্রতীকে এবং প্রচার সম্পাদক পদে মো. ইয়াসিন দোয়াত-কলম প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সদস্য পদে মো. শহীদ (ফুটবল), মো. গফুর বেপারী (শাপলা), নজরুল ইসলাম (আম), আব্দুর রাহিম (রিকশা) ও আব্দুল মানিক (মোরগ) প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওসমান গণি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পুরো নির্বাচন ছিল উৎসবমুখর।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন