POPULAR BD NEWS
Popular BD News Logo

১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ | সময়: ১০:২৬ অপরাহ্ণ

পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি বিশেষ সম্মাননা পেয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের শিক্ষার্থী শোয়াইব দিন শহীদ। রাজধানীতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবে অংশ নিয়ে এ সম্মাননা অর্জন করে সে। শোয়াইব নারায়ণগঞ্জে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার শিক্ষার্থী।

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলা এবং হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখার ১ হাজার ৭৫৯ জন হাফেজ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ এবং অ্যাওয়ার্ড ব্যাগ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের পিতা-মাতাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সন্তানদের কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পেছনে অভিভাবকদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

শোয়াইবের এ অর্জনে আনন্দিত তার পরিবার। মুঠোফোনে শোয়াইবের বাবা শহীদুল্লাহ রানা বলেন, আমার একমাত্র পুত্র সন্তান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিশেষ সম্মাননাও পেয়েছে। সন্তানের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে।

আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কুরআন গবেষক, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও হাফেজ শিক্ষার্থীরা অংশ নেন। পবিত্র কুরআনের তিলাওয়াত, হাফেজদের উপস্থিতি এবং অভিভাবকদের আনন্দ-গর্বে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজকদের এ উদ্যোগ হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের গড়ে তোলার পেছনে অভিভাবকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের সন্তান শোয়াইবের এ অর্জনে আনন্দিত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রত্যাশা, পবিত্র কুরআনের শিক্ষা ধারণ করে শোয়াইব ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন