POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

বিশ্ব হাত ধোয়া দিবসে হাজীগঞ্জে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি,ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন তাঁরা।

এ বিষয়ে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। কর্মসূচিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আফছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পাপিয়া সুলতান কাকলি, প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ’সহ, সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন