POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। একই সঙ্গে ব্যক্তির চর্চা নয়, সংগঠনের চর্চা করে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন সরকার শাওন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন সরকার শাওন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এই কথাটি বুকে ধারণ করেই আমরা রাজনীতি করি। তাই আমি আশা করব, মতলব উত্তর উপজেলায় আপনারা সংগঠনের চর্চা করুন, কোনো ব্যক্তির নয়। ব্যক্তির পূজারি না হয়ে দলের আদর্শ ধারণ করতে হবে। সংগঠন শক্তিশালী হলে দলও শক্তিশালী হবে। ব্যক্তি আজ আছে, কাল নাও থাকতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অপপ্রচার চালালে কিংবা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার দল নেবে না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হতাশা প্রকাশ করে শাওন বলেন, এখন আমাদের দল ক্ষমতায়। কিন্তু আজকের এই যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমরা হতাশ। মতলব উত্তরকে বিএনপির ঘাঁটি হিসেবে জানি, নিজেও দেখেছি। অথচ দল ক্ষমতায় থাকা অবস্থায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের এই উপস্থিতি দেখে হতাশ হয়েছি।

দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এলাকার সংসদ সদস্য ও দলের নীতিনির্ধারকদের উচিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা। অতীতে যারা রাজপথে সক্রিয় ছিলেন, আগামী দিনে তাদের গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে বিএনপি সরকার গঠন করেছে। তবে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে জেলা যুবদল তাদের মূল্যায়নের চেষ্টা করবে। এ সময় তিনিও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম দেখে হতাশা প্রকাশ করেন।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণিত দফাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মামুন সরকার ও মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারী, সদস্য সচিব আলম সরকারসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন