POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা আজ ২৮ অক্টোবর, বুধবার, উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় টেক অফিসার, পুলিশ প্রশাসন, আনসার সদস্যসহ প্রশাসনের বিভিন্ন টিমের তৎপরতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আকন তাঁর বক্তব্যে বলেন, “ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি বিষয়টি যাচাই করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করব। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ আমাকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করব।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, “চলতি মাসের ৬ তারিখ আমি যোগদান করেছি। যোগদানের পর থেকে গতকাল পর্যন্ত মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে হাজীগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসি। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, সদস্যসচিব মো. মফিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ তাঁদের বক্তব্যে বলেন, অনেক মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসার পর তাঁরা মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন। এ পরিস্থিতিতে হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর প্রস্তাব করেন তাঁরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সদস্যসচিব মো. এম এ রহিম পাটওয়ারী তাঁদের বক্তব্যে বলেন, আগামী ডিসেম্বর মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রচারণাকে কেন্দ্র করে হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছেন বলে তাঁদের আশঙ্কা। ফেসবুক পোস্টসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তাঁরা। এ বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ, চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মো. মজিবুর রহমানসহ অন্যরা।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আমিসহ প্রশাসনের সব বিভাগ তৎপর রয়েছে।”

মাদকসেবীদের ডোপ টেস্টের বিষয়ে তিনি বলেন, বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা চালু রয়েছে। হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন