POPULAR BD NEWS
Popular BD News Logo

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬ | সময়: ১:৫৪ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের পাঁচ বছর পূর্ণ করেছে সোমবার (২৬ অক্টোবর)। এ উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানিয়েছেন, দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর ঢাকায় র‍্যালি করার পরিকল্পনা রয়েছে।

দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। দলের মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চারটি মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। ওই দিন দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফায় ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‌‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পায়। দলটি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ৯৩টি সংসদীয় আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করে পটুয়াখালী-৩ আসন থেকে দলের সভাপতি নুরুল হক নুর জয়লাভ করেন। নুরুল হক নুর বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বর্তমানে সারা দেশে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে।

গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে রয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ নারী অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

দল গঠনের আগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ বিভিন্ন জনসম্পৃক্ত ইস্যুতে রাজপথে ছিল। নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, কৃষকদের ন্যায্য দাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নরেন্দ্র মোদীর আগমনবিরোধী আন্দোলন।

মোদীর আগমনবিরোধী আন্দোলন করায় ছাত্র ও যুব অধিকার পরিষদের ৫৪ জন নেতাকর্মী কারাবরণ করেন। ২০২৩ সালে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর পালনের সময় ছাত্রলীগ হামলা করে এবং সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বিগত স্বৈরাচারের আমলে নানা যৌক্তিক দাবিতে সরব ছিল গণঅধিকার পরিষদ। সরকারবিরোধী আন্দোলনে থাকায় নানাভাবে হামলা-মামলারও শিকার হতে হয়েছিল গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

গণঅধিকার পরিষদের ভাষ্যমতে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম গণঅধিকার পরিষদ কর্মসূচি দেয় এবং ছাত্রদের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে। ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী শহীদ ও পাঁচশতাধিক নেতাকর্মী আহত হয়।

এই জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন-২০১৮ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন-২০২৪ এবং একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথচলার সংগ্রামী সারথী গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন