POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬ | সময়: ৭:৩২ অপরাহ্ণ

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়াতে চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ এই চারদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে তিনি মতবিনিময় ও আলোচনা সভা করবেন।

সফরের মূল লক্ষ্য হলো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নতুন নেতৃত্বের বিকাশ এবং পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিন ২১ অক্টোবর চট্টগ্রাম পৌঁছে রাতে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। দ্বিতীয় দিন ২২ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। তৃতীয় দিন ২৩ অক্টোবর কক্সবাজার জেলার আলোচনা সভায় দায়িত্বশীল নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। চতুর্থ দিন ২৪ অক্টোবর চাঁদপুর জেলা কমিটির সৌজন্যে মতবিনিময় সভা ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ কর্মসূচিতে অংশ নেবেন।

নেতৃবৃন্দ আশা করছেন, নাফিজ মাহবুবের এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন