মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীবেষ্টিত চাঁদপুর অঞ্চলে কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান চালিয়েছে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন । ৮ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানের প্রথম ৬ দিনে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অপরাধে ৪৪ জন জেলেকে আটক ও ১৬ টি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে কোস্ট গার্ড জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড নদী ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।
আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে কারাদন্ড দেওয়া হয় এবং ১৭ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নদী থেকে প্রায় ৪ লক্ষ ৬৯ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার টাকা। বিভিন্ন স্থান থেকে ৯০ কেজি ইলিশ এবং অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১৬টি বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের লে. মুহতাদীন ইসলাম জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ ও সমন্বিতভাবে এ অভিযান অব্যাহত রয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি জেলেদের সচেতন করতে নদী তীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।