মতলব উত্তর উপজেলার গজরায় পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে তিন যুবককে পিটিয়ে গুরুতর জখম এবং নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যায় ছেঙ্গারচর পৌরসভার কলাকান্দা রোডের একটি কফিশপের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী তসমিলা বেগম (৫৫) জানান, তার ছেলে রায়হান (২৪) এবং দেবরের ছেলে রাকিব (১৯) ও নিরব (২১) অটোরিকশা যোগে ডুবগী হতে কালিপুর যাওয়ার পথে অভিযুক্তদের বাধার মুখে পড়ে। অভিযুক্ত রাসেলের ইন্ধনে অন্যান্য অভিযুক্তরা লাঠি-সোটা নিয়ে অটোরিকশার পথরোধ করে এবং তাদের জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলায় রায়হান, রাকিব ও নিরব গুরুতর আহত হয়।
এ বিষয়ে আহত রায়হান বলেন, কয়েকদিন আগে আমাদের গ্রামের পূজায় অভিযুক্তারা বিশৃঙ্খলা করায় আমরা এলাকাবাসী বাধা দেই সে ঘটনার জের ধরে গতকাল রাতে আমি ভিসার কাগজ ও টাকা নিয়ে যাওয়ার সময় রাসেল ও তার সাথে থাকা লোকজন নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে গজরা ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন, গজরা থেকে বউবাজারের যাওয়ার পথে কফি হাউজের সামনে সবসময় কিশোর গ্যাংয়ের আড্ডা বসে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কফি হাউজ এখান থেকে উচ্ছেদ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিয়াম খান বলেন, টাকার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ওরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদেরকে বাজে মন্তব্য করে এক পর্যায়ে দু পক্ষের হাতাহাতি হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।