POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে কর্মসূচির প্রথম সেশনের কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।

প্রথম দিনের কার্যক্রমে ২০ জন রোগীর অস্ত্রোপচার কার্যক্রম শুরু হওয়ার কথা জানানো হয়। অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের (এফসিপিএস ও এমএস) নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করছেন। হাসপাতালটির চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয়; বরং দেশের যেকোনো প্রান্ত থেকে আসা ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচারের আয়োজন করা হবে। এতে রোগীদের অস্ত্রোপচার, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে অবস্থান এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

ডা. আরিফ উল হাসান বলেন, দেশের যেকোনো স্থান থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দিতে গিয়ে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক রোগীর দেখা পাওয়া যায়। আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসুবিধার সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারেন না। এসব রোগীর চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা. আরিফ উল হাসান এর আগেও বিভিন্ন জটিল অস্ত্রোপচারের কারণে আলোচনায় আসেন। ২০২৬ সালের এপ্রিলে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং একই বছরের জুনে আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। সর্বশেষ ৭ আগস্ট ২০২৬ তারিখে শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়। ওই নারীর পেটে এটি ছিল পঞ্চম অস্ত্রোপচার।

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় আসেন তিনি।

শাহরাস্তিতে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য নিয়মিত ও বিনামূল্যের এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন