POPULAR BD NEWS
Popular BD News Logo

মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। অভিযানকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার এবং নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন