POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬ | সময়: ৯:৩০ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর বলেছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে কোনো ধরনের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গজরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। মাদক একটি সামাজিক ব্যাধি। এ থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গজরা ইউনিয়ন পরিষদে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চাই।

তিনি বলেন, গজরা ইউনিয়নের মানুষের জীবনমান ও ভাগ্যোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। জনগণের সমস্যা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

শাহ আলম লস্কর আরও বলেন, জনগণই আমার শক্তি। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে নয়, গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর বলেন, আমি আমার ইউনিয়নের প্রতিটি জনগণের কাছে যাচ্ছি। তাদের সঙ্গে কথা বলছি, তাদের কথা শুনছি এবং আমার পরিকল্পনার কথা তুলে ধরছি। ইনশাআল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমাকে খুব আপন ভেবে কাছে টেনে নিচ্ছে। তাদের এই ভালোবাসা ও সাড়া আমাকে আরও উৎসাহিত করছে।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের কাছ থেকে পাওয়া সাড়া ও ভালোবাসাকে তিনি দায়িত্ব হিসেবে দেখছেন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবেন।

এ সময় তিনি গজরা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমর্থক, কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন