POPULAR BD NEWS
Popular BD News Logo

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাস-২০২৬ অনুষ্ঠিত

বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

মো: সবুজ গাজী | প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬ | সময়: ১১:১৭ অপরাহ্ণ

‘আদি এবং সত্য ও সুন্দরে আছি ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই, বই কখনো হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর, বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে ‘বই উপহার মাস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমি বই ও সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে জ্ঞান ও সুন্দর চিন্তার বিকাশে যে উদ্যোগ নিয়ে কাজ করছে, তা প্রশংসনীয়। বর্তমান সময়ে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার বইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক ও শিক্ষামূলক বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস আরও বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বর্তমান সমাজে মাদকের উপদ্রব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ও জ্ঞানচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে। অবসর সময়ে তারা বই পড়ার সঙ্গে যুক্ত থাকলে তাদের মননশীলতা বাড়বে এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি মনোযোগ কমবে।

তিনি আরও বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির মতো সংগঠনগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। বর্তমান সময়ে মানুষ অনলাইনে বিভিন্ন বিষয় পড়াশোনা ও তথ্য সংগ্রহ করে। তাই চর্যাপদ সাহিত্য একাডেমির নিজস্ব একটি ওয়েবসাইট থাকা জরুরি। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম, সাহিত্যচর্চা ও বইকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে সংগঠনটির পরিচিতি আরও বিস্তৃত হবে।

সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই ভালো ও সৃজনশীল কাজের সঙ্গে রয়েছে। চর্যাপদ সাহিত্য একাডেমির সাহিত্য ও বইকেন্দ্রিক কার্যক্রমেও চাঁদপুর প্রেসক্লাব ভবিষ্যতেও পাশে থাকবে।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

চর্যাপদ সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক রফিকুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের বই উপহার ও বিতরণ করা হয়।

আয়োজনকে আরও মনমুগ্ধকর করে তুলতে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করা হয়। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির সদস্য, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন