“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে আয়োজিত র্যালিতে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবীণ নাগরিকরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি প্রবীণদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, পিতা-মাতা বা প্রবীণদের ভরণপোষণ আইন রয়েছে এবং প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো তাদের বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করা। কোনো সন্তান যদি এই দায়িত্ব অবহেলা করে এবং বিষয়টি প্রশাসনের গোচরীভূত হয়, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের আলাদা সেবা ও যত্নের ব্যবস্থা করা হবে এবং চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতাল ও বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রবীণদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রবীণদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।