চাঁদপুর শহরে একটি গুদামে অভিযান চালিয়ে শিশু খাদ্যসহ শতাধিক নকল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। নামীদামি ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার অভিযোগে গুদামের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে একটি দোকানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘আল মদিনা ফুড প্রোডাক্ট’ নামের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের গুদাম থেকে শিশু খাদ্যসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের নকল খাদ্যপণ্য পাওয়া যায়।
অভিযানে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়। তিনি বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু খাদ্য নকল করে বাজারজাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।
পরে নকল খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।