POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম

মোঃ সবুজ গাজী | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর বিভাগীয় বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র মোঃ আবু সাঈদ।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব সারাদেশে জেলা ভিত্তিক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের ১৫ পারা, ছেলেদের ৩০ পারা এবং মেয়েদের ১৫ পারা—এই তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর ধারাবাহিকতায় চাঁদপুর ও কুমিল্লা জেলার যৌথ বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে অংশ নিয়ে মোঃ আবু সাঈদ দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় বাছাইপর্বে উত্তীর্ণ হয়।

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে সকল জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে আবু সাঈদ।

আবু সাঈদ চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস বাজার দর্জি বাড়ি সংলগ্ন চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

বিভাগীয় বাছাইপর্ব থেকে প্রতিটি গ্রুপে পাঁচজন করে মোট ১৫ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকার বারিধারায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন আবু সাঈদের উস্তাদ হাফেজ ক্বারী মাওলানা এনামুল হক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন