মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এ সময় তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। খেলাধুলা মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা বিকশিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।