POPULAR BD NEWS
Popular BD News Logo

গেন্ডারি চুরির অপবাদে ৭ বছরের শিশুকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

হাবিবুর রহমান | প্রকাশিত: September ৬, ২০২৬ | সময়: ৩:১৮ PM

চাঁদপুরের ফরিদগঞ্জে গেন্ডারি (আখ) চুরির মিথ্যা অপবাদ দিয়ে ৭ বছরের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের ফজর আলী গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী শিশুর নাম সাকিব (৭)। সে কড়ৈতলী গ্রামের জয়নাল গাজীর ছেলে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সাকিব। পথিমধ্যে তার সাথে থাকা কয়েকজন শিশু স্থানীয় সুলতান মিয়ার গেন্ডারি ক্ষেতে প্রবেশ করে। তবে সাকিবের পরিবারের দাবি, সাকিব ওই ক্ষেতে ঢোকেনি। কিন্তু ক্ষেতের মালিক সুলতান সেখানে এসে সাকিবকেই গেন্ডারি চুরির অপবাদ দেন এবং ভয়ভীতি দেখিয়ে বেদম মারধর শুরু করেন। একপর্যায়ে নারকেলের পাতার শক্ত গুনা (শিরা) দিয়ে সাকিবের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

​শিশুটির আত্মচিৎকারে ফাহিমা নামে স্থানীয় এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। সাকিবের মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সাকিবকে উদ্ধার করা হয়।

​গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক এক্স-রে করার পর শিশুটির হাত ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে পরিবার।

​এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

​তবে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সুলতানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন