POPULAR BD NEWS
Popular BD News Logo

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬ | সময়: ১২:৪৬ অপরাহ্ণ

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়।

 

একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

 

পরে রাত সাড়ে ৯টার দিকে আহত আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তাঁর ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে দায়িত্ব পালন করতেন না। আমিনবাজারে তাঁর একটি জায়গা রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন