POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নাট্যোৎসবের ৯ম দিনে সমাজসেবায় অবদানের জন্য শরীফ উদ্দিন পলাশকে সংবর্ধনা

গাজী মো: সবুজ | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬ | সময়: ১০:৫১ অপরাহ্ণ

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনে বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন পলাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত নাট্যোৎসবের ৯ম দিনের অনুষ্ঠানে তাকে সংবর্ধিত অতিথি হিসেবে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- কবির হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি- জসিম উদ্দিন খান বাবুল।

এছাড়া সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশকেও সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী।

নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজন শুরু হয় বিকেল সাড়ে ৪টায় চাঁদপুরের স্বনামধন্য নৃত্য সংগঠন ‘নৃত্যাঙ্গন’-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। নৃত্য পরিবেশনার পর অনুষ্ঠিত হয় শুভেচ্ছা পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠান।

শুভেচ্ছা পর্ব শেষে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘মহুয়া’। নাটক পরিবেশনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে চাঁদপুরের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিকভাবে নাটক, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন