POPULAR BD NEWS
Popular BD News Logo

দক্ষিণ কোরিয়ায় ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬ | সময়: ১০:০২ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী সাংকংহে ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন আক্তার অধরা।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবপাচারের জটিল বিন্যাস নিয়ে করা গবেষণার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের এশিয়ান নন-গভর্নমেন্টাল অর্গানাইজেশনস প্রোগ্রাম থেকে তিনি এই সম্মাননা পান।

১৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ভবনের জন ডেলি হলে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কিম কিয়ং-মুনের কাছ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী এ সম্মাননা নেন, যার মধ্যে স্নাতকোত্তর ও ডক্টরেট পর্যায় (গ্র্যাজুয়েট স্কুল) থেকে একমাত্র অধরাই এটি পান।

অধরার গবেষণাপত্রের শিরোনাম ছিল- ‘Internal Colonies of Aid and Mobility: Human Trafficking within the Rohingya Refugee–Host Community Landscape of Cox’s Bazar’। এতে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক বাস্তবতা, চলাচলের সীমাবদ্ধতা এবং তাদের ওপর মানবপাচারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরা হয়।

প্রতিক্রিয়া প্রকাশ করে ইয়াসমিন আক্তার অধরা জানান, এই আন্তর্জাতিক অর্জন একদিকে আনন্দের ও অন্যদিকে দায়িত্বের। কোনো সমস্যা বুঝতে কেবল পরিসংখ্যান নয়, বরং ভুক্তভোগী মানুষের অভিজ্ঞতাকেও যে গুরুত্ব দেওয়া দরকার-গবেষণার মাধ্যমে তা ফুটে উঠেছে বলে মনে করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন