POPULAR BD NEWS
Popular BD News Logo

চাকুরি থেকে বিদায়ের দিনই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষক তপন কুমার সাহা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ৩১, ২০২৬ | সময়: ৯:০৭ PM

বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের কয়েক মুহুর্ত আগেই বিদ্যালয়ে পৌঁছায় প্রধান শিক্ষক তপন কুমার সাহার মরদেহ।

যে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চাকুরি জনিত বিদায় নেওয়ার কথা ছিল, সেখান থেকেই নিতে হলো তাঁর শেষ বিদায়।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার সাহা সোমবার (৩১ আগস্ট) তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সহকর্মীরা জানান, দুপুরে তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট প্রদান করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভোররাতে তাঁর মৃত্যুর খবর পেয়ে আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকে।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী,শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যে দিনটি হওয়ার কথা ছিল দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে একজন শিক্ষকের আনন্দঘন বিদায়ের দিন,সেই দিনটিই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দিন এবং সহকর্মী-শিক্ষার্থীদের জন্য এক বেদনাবিধুর স্মৃতি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন