হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, তিনি রাখালের কাজ করতেন।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে সোহাগ নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক দেখে বাংলাদেশি বলে ধারণা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে সোহাগ মিয়া হিসেবে শনাক্ত করেন।
পরে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আবদুল কাদির দাবি করেন, সোহাগ সীমান্তে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ তাঁকে গরু চোরাকারবারি সন্দেহে গুলি করে।
ঘটনার পর সোহাগের মরদেহ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।