চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে কামাল হোসেন কুট্রি (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার প্রতাপুর চরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল মজুমদার বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর জন্য ঘাস কাটতে প্রতাপুর চরে যান কামাল হোসেন। একপর্যায়ে পাশের ডাকাতিয়া নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, তিনি ঘটনাটি জেনেছেন। স্থানীয়ভাবে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।