চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুশ (র্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে বাড্ডা ও আশপাশের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জশনে জুলুশ বের করা হয়। বিভিন্ন বয়সী মুসল্লিদের অংশগ্রহণে র্যালিটি বাড্ডার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটে।
হাফেজ মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত জশনে জুলুশে নেতৃত্ব দেন বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদের খতিব মুফতি সাখাওয়াত হোসেন মিয়াজী।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং তাঁর প্রতি উম্মতের ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কবরবাসীদের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।