চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার জোরালো উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এর অংশ হিসেবে হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে একটি নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তার নির্বাচনী এলাকার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-কে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে হাসপাতালসংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের জমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জানান।
উক্ত আবেদনের প্রেক্ষিতে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দ্রুত কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবায় এক ঐতিহাসিক মাইলফলক: স্থানীয় সচেতন মহলের মতে, চাঁদপুর সদর হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হলে এবং নতুন ১৫ তলা আধুনিক ভবন নির্মিত হলে জেলার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও গুণগত মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। একই সাথে চিকিৎসা ক্ষেত্রে চাঁদবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।