POPULAR BD NEWS
Popular BD News Logo

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে: ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মতপথের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতোমধ্যে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে।

রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছালেহ শিবলী বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, এমনকি তার নিজের পরিবারও এই কার্ড পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন অবশ্যই হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা দলের ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়। ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই এই বিভেদ কেটে যাবে। এজন্য সবাইকে একটু সময় ও ধৈর্য ধরতে হবে।

তিনি আরও বলেন, আপনারা দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। সারাদিন যে যাই বলুক না কেন, দিনশেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে।

সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেহলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসী মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন