POPULAR BD NEWS
Popular BD News Logo

শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬ | সময়: ৭:১৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য নির্বাচনে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে দাতা সদস্য ভোটার হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কলেজের দাতা সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দাতা সদস্য শাহজাহান পাটওয়ারী ভোট দেন। তারা উভয়েই এমপি এম এ হান্নানের পক্ষে ভোট দিয়ে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শতভাগ ভোটে নির্বাচিত করেন।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় এমপি এম এ হান্নান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়নে তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত অবদানের প্রচারের চেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে তিনি বেশি গুরুত্ব দেন।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজের শিক্ষার মান আরও উন্নত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে দ্রুত অনার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়াই আমাদের অন্যতম অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ফরিদগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন।

নির্বাচন ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, নবনির্বাচিত হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, কলেজের সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মোল্লা, অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং গত ২০ আগস্ট নির্বাচিত শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সদস্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন