POPULAR BD NEWS
Popular BD News Logo

মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজী মো: সবুজ | প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬ | সময়: ১২:৩৯ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও মিষ্টিতে পোকা পাওয়াসহ অতিরিক্ত সেবামূল্য নেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় জেনিথ সুইটসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে ওই সেলুনে এক ভোক্তার চুল কাটা, শেপ করা ও ফেসিয়াল বাবদ ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে ভোক্তা ২ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে বেরিয়ে আসেন। অভিযানের সময় বিষয়টি যাচাই করে সেবার মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।

অভিযানের সময় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন