POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন- দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এবং দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন এবং একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম। মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তীতে মৃত্যু ও পদত্যাগের কারণে খালি হওয়া পদে বিভিন্ন সময় নতুন সদস্য যুক্ত করা হলেও এবার একসঙ্গে চার নেতাকে অন্তর্ভুক্ত করল দলটি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন