POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের কামতায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকায় প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কামতা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন বেগমের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা তার বাড়ির আশপাশে নজরদারি করেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসমিন বেগমকে আটক করে এবং তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটক জেসমিন বেগম কামতা সওদাগর বাড়ির রঞ্জন সওদাগরের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন অভিযোগ করে বলেন, জেসমিন বেগম এর আগেও চট্টগ্রামে একাধিক মাদক মামলায় জেল খেটেছেন। তার দাবি, বর্তমানে তিনি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং এর ফলে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক বিস্তার রোধে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জেসমিন বেগম বলেন, আমি খুব অসুস্থ। আমার ছেলেরা আমাকে ওষুধ কেনার টাকা দেয় না। তাই আমি গাঁজা বিক্রি করি।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর জানান, কামতা এলাকা থেকে আমাদের কাছে ফোন আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন