চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। রায়ে হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক পলাতক রয়েছেন।
মামলার নথি ও বাদীর অভিযোগ থেকে জানা যায়, নিহত অমর ভক্ত ওরফে অমর সরকার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার বাসিন্দা। তিনি নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশ ও নগদের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন।
২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে অমর সরকার দোকান থেকে বাড়ি ফেরেননি। রাত গভীর হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে বাড়ির কাছাকাছি একটি স্থানে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তাঁর বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, অমর সরকারের ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের ২১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত সঠিক রায় দিয়েছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
আসামিপক্ষে ছিলেন এসডিএলআর শফিকুল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরের দণ্ড উচ্চ আদালতের অনুমোদনসাপেক্ষে কার্যকর করার কথা বলা হয়েছে। আর পলাতক আসামি জয় বিশ্বাস অনিকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।