POPULAR BD NEWS
Popular BD News Logo

এসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ | সময়: ১১:১৬ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। আর ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ফলাফলে প্রত্যাশিত নম্বর না পাওয়া শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন