চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকসেবী ভাতিজা জিসান (২৫) কে তুলে আনতে গিয়ে চাচা শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এই ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।
তার ভাই রিয়াদ পাটোয়ারী জানান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ মাহমুদ স্বপনের নির্দেশে শাকিলের নেতৃত্বে মান্দারী এলাকায় ৩০/৪০ জনের একদল যুবক জিসানকে খুঁজতে যায়। এ সময় চাচা শাহজাহান পাটোয়ারী (৫০)কারণ জানতে চেয়ে বাঁধা প্রয়োগের চেষ্টা করেন। এসময় তারা বাঁশ ও ইট দিয়ে আঘাত করে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, হাসপাতালে নেয়ার আগেই শাহজাহান পাটোয়ারীর মৃত্যু হয়। এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুপক আহমেদ তার শারীরিক অবস্থা দেখে মৃত ঘোষণা দেন।
ঘটনার পর পর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
এদিকে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না, একটি দলীয় প্রোগ্রামে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।