চাঁদপুরের মতলব -বাবুরহাট সড়কে জৈনপুর পরিবহন এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল আমিন (৪৮) নামক এক যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে সিএনজি চালক সহ ৩ জন। নিহত নুরুল আমিনের বাড়ী কুমিল্লার লাঙ্গল কোট এলাকায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাবুরহাট মতলব সড়কের রালদিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,বাবুরহাট তিনজন যাত্রী নিয়ে একটি সিএনজি (যার নং চাঁদপুর -থ- ৩২০৪) মতলবের উদ্দেশ্য রওয়ানা হলে রালদিয়া এলাকায় আসার পর ঢাকা থেকে বাবুরহাটের উদ্দেশ্য ছেড়ে জৈনপুর পরিবহন ( ৯৭৮১) নামক যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।সিএনজিতে থাকা তিন জন যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সিএনজির চালকসহ ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সিএনজি চালক রায়হান (৩০), পিতা দুলাল মিয়া, গ্রাম ঢাকিরগাঁও, যাত্রী জানে আলম (শাহ আলম, বয়স ৪২) ও তার ছোট ভাই কবির (৪০),উভয় পিতা ডেঙ্গু বন্দুকসী,গ্রাম উত্তর বাইশপুর, আহত ৩ জনের বাড়ী মতলব পৌরসভায়।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তিনজনকেই উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তিনটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,জৈনপুর পরিবহ বাসটি বাসটি ছিল বেপরোয়া। সিএনজিটিকে ধাক্কা দিয়ে সাথে সাথে বাসটি দ্রুতগতিতে বাবুরহাটের দিকে চলে যায়।তবে স্থানীয় এলাকাবাসী বাবুরহাট গিয়ে ওই বাসটি দেখতে পায়নি।
এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানান, জৈনপুর পরিবহন বাসটির সন্ধান পাওয়া গেছে।
আহত কবির ও জানে আলমের পারিবারের একাধিক লোকজন জানান,তারা পুকুরের জন্য মাছের পোনা নিয়ে ওই সিএনজিতে করে মতলবে আসছিল। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় তারা।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছে।
সিএনজি চালক রায়হানের মামা রফিক সরকার জানান,তার ভাগিনা অন্যের সিএনজি ভাড়ায় চালাতো। সিএনজি চালিয়ে সংসার চালাতো।এখন তার চিকিৎসা খরচ চালানো কোনো ভাবেই সম্ভব নয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ জানান,দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবারের কেউ এখনো আসেনি। এ বিষয়ে মামলার পক্রিয়া চলছে।