চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত পরিবহন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালক হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হানিফ মিয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার ফুলতলী গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা দিক থেকে আসা একটি যাত্রীবিহীন সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
তল্লাশিকালে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স থেকে স্কচটেপে মোড়ানো ৮টি বান্ডেল মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দেশের বিভিন্ন স্থানে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় চার্জশিটও দাখিল হয়েছে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট) গ্রেপ্তারকৃত আসামিকে চাঁদপুরের কচুয়া আমলি আদালত নং-১-এ প্রেরণ করা হলে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা।