POPULAR BD NEWS
Popular BD News Logo

মহামায়া বাজারের বেহাল চিত্র দেখতে ক্লিন চাঁদপুর, ময়লায় বন্ধ খাল-ড্রেন ও নেই স্বাস্থ্যসম্মত টয়লেট-কসাইখানা

গাজী মো: সবুজ | প্রকাশিত: আগস্ট ১, ২০২৬ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া বাজারের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছে সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর। বাজারের যানজট, ময়লায় বন্ধ খাল-ড্রেন, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট ও কসাইখানার সংকটসহ বিভিন্ন বিষয় পরিদর্শনে উঠে আসে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, মহামায়া বাজারের প্রধান সড়কটি অনেক সংকীর্ণ হওয়ায় এবং সড়কের পাশে যত্রতত্র দোকানপাট ও মালামাল রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। বাজারে মাইকিং করে যত্রতত্র দোকানপাট না করা এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার জন্য সবাইকে সচেতন করা হয়েছে।

তিনি বলেন, মহামায়া বাজারের খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে আছে। খালটি পরিষ্কার করা গেলে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশও সুন্দর হবে। এজন্য ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি বাজারে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট ও উপযুক্ত কসাইখানা নেই। বিষয়গুলো প্রশাসনের নজরে আনা হয়েছে।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ আরও বলেন, জেলা প্রশাসক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং খুব শিগগিরই টয়লেট ও কসাইখানার ব্যবস্থা করার কথা জানিয়েছেন। খাল ও বাজার পরিষ্কারের জন্য কয়েকটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতায় এসব সমস্যা সমাধানে দ্রুত কাজ করার আশা করছি।

পরিদর্শনকালে বাজারের সড়ক, দোকানপাট, ড্রেন, টয়লেট, কসাইখানা ও সংলগ্ন খালের অবস্থা দেখা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা, ড্রেন পরিষ্কার রাখা ও দোকানের আশপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় স্থানীয় সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুদ্দুস আখন্দ রোকন, স্থানীয় নেতৃবৃন্দ, ক্লিন চাঁদপুরের সদস্যবৃন্দ, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার পরিদর্শন কালে প্রধান সড়কের পাশে কয়েকটি দোকানের ঝাপ, ছাউনি ও মালামাল রাখায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে ব্যবসায়ীদের রাস্তার জায়গা দখল না করে সুশৃঙ্খলভাবে দোকান পরিচালনার দিকনির্দেশনা দেওয়া হয়।

বাজারসংলগ্ন খালটি দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় প্রায় বন্ধ হয়ে রয়েছে। খালটি পরিষ্কার করে পানির প্রবাহ স্বাভাবিক করা এবং ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এদিকে বাজারে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট ও পশু জবাইয়ের উপযুক্ত কসাইখানা নেই। বিদ্যমান কসাইখানাটিও ব্যবহারের অনুপযোগী হয়ে বর্তমানে টয়লেট ও প্রস্রাবখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে পরিদর্শনকালে দেখা যায়।

পরিদর্শন শেষে ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে মহামায়া বাজারের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। বিশেষ করে খাল পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা, টয়লেট-কসাইখানা ও সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন