POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সাপের ছোবলে দুই সন্তানের জননীর মৃত্যু 

আলমগীর কবির | প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬ | সময়: ২:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সাপের ছোবলে তাছলিমা বেগম (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত তাছলিমা দক্ষিণ রাজারগাঁও খান বাড়ির ইউসুফ খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

দুপুরে ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও খান বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতের স্বজনরা জানান, দুপুরে ওয়াশরুমে যাওয়ার জন্য বসতঘর থেকে বের হন তাছলিমা। ঘরে ফেরার সময় পায়ে কামড়ের অনুভূতি হয় তার। ঘরে ঢুকে পায়ে রক্ত দেখতে পান। তার চিৎকারে স্বজনরা ছুটে এসে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতের স্বামী ইউসুফ খান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে এন্টিভেনম দেওয়ার প্রায় ২০ মিনিট পর তাছলিমা মারা যায়।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাপের ছোবলে জেলায় ২ জন মারা গেছেন।

গত বছর ২০২৫ সালে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১,৫১৭ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসেই গত বছরের মোট রোগীর প্রায় ৬৫ শতাংশ আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা বর্ষা মৌসুমে ঘর-বাড়ি ও ঝোপঝাড় পরিষ্কার রাখা, রাতে মশারি টাঙিয়ে ঘুমানো এবং সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন